নতুন বছরেও রেমিট্যান্সের চমক, জানুয়ারিতে এলো ৩.১৭ বিলিয়ন ডলার
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড়ো ধরনের উল্লম্ফন দেখল বাংলাদেশ। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের (জানুয়ারি ২০২৫) তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৯৮ কোটি ৫০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিলো এক হাজার ৫৮৬ কোটি ২০ লাখ ডলার। সে হিসেবে অর্থবছরের সাত মাসেই প্রবাসীরা গতবারের চেয়ে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার বেশি পাঠিয়েছেন।
দেশের ইতিহাসে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ডটি গত ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসের (৩২৯ কোটি ডলার)। এরপর গত ডিসেম্বর মাসে এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা ছিলো দ্বিতীয় সর্বোচ্চ। সদ্য সমাপ্ত জানুয়ারি মাসের ৩১৭ কোটি ডলারের এই আয় সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।