Uncategorized

গুগল সার্চে ‘6 7’ লিখলেই দুলছে স্ক্রিন, এই রহস্যে নেপথ্যে কী

 চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে একটি অদ্ভুত বিষয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুগল সার্চে দুটি নির্দিষ্ট সংখ্যা-   ‘6 7’ লিখে সার্চ করলেই পুরো ব্রাউজার স্ক্রিনটি ওপর-নিচ হয়ে দুলতে শুরু করে।

শুরুতে অনেকেই বিষয়টিকে টেকনিক্যাল ত্রুটি বা হার্ডওয়্যারের সমস্যা ভেবে আতঙ্কিত হলেও, আসলে এটি গুগলের একটি নতুন ‘ইস্টার এগ’। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি মিম বা ট্রেন্ডকে সম্মান জানাতেই গুগল এই বিশেষ ফিচারটি যুক্ত করেছে।

স্ক্রিনটি যেভাবে ওপর-নিচ হয়ে দুলে ওঠে, সেটি মূলত একটি ভাইরাল ‘ব্রেইনরট’ মিমের অনুকরণ। ২০২৪ সালে ফিলাডেলফিয়ার র‍্যাপার স্ক্রিলার ‘Doot Doot (6 7)’ গানটি থেকে এই ট্রেন্ডের শুরু।

পরবর্তীতে বাস্কেটবল গেমের একটি ভিডিওতে এক শিশুকে দুই হাত ওপর-নিচ করে পাল্লা মেপে দেখার মতো ভঙ্গিতে এই সংখ্যার তালে নাচতে দেখা যায়। হাতের তালু ওপরের দিকে রেখে ওপর-নিচ করার এই ভঙ্গিটিই পরবর্তীতে ‘6 7’ মুভ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পায়।

এছাড়া এনবিএ তারকা লামেলো বলের উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি হওয়ায় তার ভক্তদের মধ্যেও এই ট্রেন্ডটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

আপনি যদি ডেস্কটপ বা মোবাইল থেকে গুগলে গিয়ে নিচের শব্দগুলো লিখে সার্চ করেন, তবেই এই ম্যাজিক দেখতে পাবেন- 6 7, 6-7 কিংবা six seven।

এগুলো লিখে এন্টার দিলেই সার্চ রেজাল্ট পেজটি কয়েক সেকেন্ডের জন্য সেই ভাইরাল ভিডিওর হাতের ভঙির মতো ওপর-নিচ করে দুলবে এবং এরপর আবার স্বাভাবিক হয়ে যাবে। গুগল এর আগেও পুরো পেজ ৩৬০ ডিগ্রি ঘোরা বা পেজটি একদিকে কাত হয়ে যাওয়ার মতো অনেক মজার ফিচার এনেছে।

অনেকের কাছে এই বিষয়টি অর্থহীন মনে হলেও, ডিকশনারি ডটকম ২০২৫ সালের অন্যতম সংজ্ঞায়িত অভিব্যক্তি হিসেবে ‘6 7’ শব্দটিকে নামাঙ্কিত করেছে।

ভাষাবিদদের মতে, এটি কোনো আক্ষরিক অর্থ নয়, বরং একটি ‘ভাইব’ বা সামাজিক সংকেত হিসেবে কাজ করে। গুগলের এই পদক্ষেপ মূলত বর্তমান ডিজিটাল সংস্কৃতি এবং জেন-আলফা প্রজন্মের পছন্দের ভাষার প্রতি এক ধরনের স্বীকৃতি।

তাই আপনার ডিভাইসের স্ক্রিন যদি হঠাৎ নাচতে শুরু করে, তবে ঘাবড়ানোর কিছু নেই; এটি শুধু নেট দুনিয়ায় নতুন উন্মাদনার সাথে গুগলের তাল মেলানোর একটি প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *